নারায়ণগঞ্জে নাশকতার পরিকল্পনায় আ.লীগের ৫ নেতা-কর্মী গ্রেপ্তার

প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগের পাঁচজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) রাতে ফতুল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন (২৫), কাশিপুর হাটখোলা এলাকার আওয়ামী লীগ কর্মী সুমন (৩৭) ও শাহ আলম (৫৫), দাপা ইদ্রাকপুর এলাকার মহন মিয়া (৩২) এবং শিহাচর লালখাঁ এলাকার বাদল (৪০)।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগ রয়েছে। পাশাপাশি তারা এলাকায় আতঙ্ক সৃষ্টি ও নাশকতার পরিকল্পনা করেছিল বলে তথ্য পাওয়া যায়। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে পূর্বেও সন্ত্রাস ও চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে। সাম্প্রতিক সময়ে তারা ফতুল্লার বিভিন্ন এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির জন্য গোপন বৈঠক করছিল বলে পুলিশের দাবি।

মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।